
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) কুইন্সের গুলসান টেরেসে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং একে অপরের সাথে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
ইফতার আয়োজনের কনভেনার ছিলেন লায়ন মাসুদ রানা তপন, চেয়ারম্যান লায়ন নুরুল আজিম এবং মেম্বার সেক্রেটারি ছিলেন লায়ন আনিসুল ইসলাম টনি।
এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মোহাম্মদ রশিদ, সাধারণ সম্পাদক লায়ন মশিউর রহমান মজুমদার, ভাইস গভর্নর ও বিশিষ্ট ব্যবসায়ী, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও লায়ন শাহ নেওয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।