
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজনীতিতে নতুন ইতিহাসের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক নাবিলা ইসলাম পার্কেস ঘোষণা দিয়েছেন যে তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বর্তমানে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে জয়ী হলে তিনি হবেন জর্জিয়ায় এত উচ্চ পর্যায়ের নির্বাচিত পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম বাংলাদেশি–আমেরিকান।
৫ মার্চ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাবিলা ইসলাম পার্কেস তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনা করার পর তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে নাবিলা দাবি করেন, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
তিনি আরও অভিযোগ করেন, অভিবাসন সংস্থা আইসের কিছু কর্মকর্তা মুখ ঢেকে বিভিন্ন কমিউনিটিতে অভিযান চালাচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও একটি “ধ্বংসাত্মক যুদ্ধের দিকে টেনে নেওয়া হচ্ছে।”
বাংলাদেশি অভিবাসী পরিবারে জন্ম নেওয়া এবং জর্জিয়ায় বেড়ে ওঠা নাবিলা তার পোস্টে আরও বলেন, জর্জিয়া রিপাবলিকান পার্টি শুধু এসব নীতিকে সমর্থনই করছে না, বরং সেগুলোকে উদযাপন করছে বলেও তার অভিযোগ। এ অবস্থায় তিনি বলেন, “এখন যথেষ্ট হয়েছে। জর্জিয়াকে ডেমোক্র্যাটদের হাতে ফিরিয়ে আনার সময় এসেছে, আর আমি সেই প্রচেষ্টার অংশ হতে চাই।”
তার এই ঘোষণার মাধ্যমে জর্জিয়ার রাজনীতিতে আসন্ন নির্বাচনের আগে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা দিয়েছে এবং বাংলাদেশি–আমেরিকান সম্প্রদায়ের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।