
কানাডার টরন্টো শহরে কবি জীবনানন্দ দাশের জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘আজ শুধু জীবনানন্দ দাশ’। অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টরন্টো ফিল্ম ফোরামের মাল্টি কালচারাল স্ক্রিন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল কথা, আবৃত্তি ও কবিতা থেকে সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে কবির বিভিন্ন কবিতা আবৃত্তি করেন রওশন জাহান উর্মি, মৌমিতা মৌ, রিফ্ফাত নূয়েরীন, আনিসা লাকী, দিলারা নাহার বাবু, ইলোরা সাঈদ, ফারিয়া সেহেলী, তামান্না ইসলাম, আসিফ চৌধুরী, আহমেদ হোসেন ও মানবী মৃধা। কবির কবিতা থেকে গান পরিবেশন করেন সাদমান স্বপ্নীল ও আসিফ চৌধুরী।
কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে তথ্যবহুল আলোচনা করেন সেরীন ফেরদৌস। অনুষ্ঠানের শেষপ্রান্তে সদ্য প্রয়াত সুরকার মোহাম্মদ শাহনেওয়াজের সুরে, শওকত ওসমানের লেখা ও নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে জনপ্রিয় গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ পরিবেশন করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারজানা বেবী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।