ওয়াশিংটন ডিসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুন ২০২৬, ২১:৪৭


স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) অনুষ্ঠানের আয়োজন করে ওয়াশিংটন ডিসি বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত সোহরাওয়ার্দী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক তুহিন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশ গঠনে তার অবদান আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা তার আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি কৃষি, শিল্প, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথি গোলাম মোর্তজা তার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা এবং তৎকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সহ-সভাপতি কাজী এম. রহমান, মিয়া মজনু ও জাহিদ খান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মুনসুর পরশ, সদস্য গোলাম ফারুক কিরণ, জাহাঙ্গীর হোসেন, এ. জে. এম. হোসেন, এম. এ. কাইয়ুম, সালাউদ্দিন, তাওফিকুল ইসলাম, মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওয়াশিংটন ডিসি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ও সদস্য শফিক মোল্লা।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভাস্থলে উপস্থিত সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।