
সবুজে মোড়ানো নিউইয়র্কের ভ্যালি স্ট্রিম স্টেট পার্ক। লাল-হলুদ বর্ণের শাড়ি আর বাহারি সাজে সেজে জড়ো হন নারী থেকে শিশু ও তরুণীরা। পুরুষ ও তরুণেরাও আসেন পাঞ্জাবি কিংবা পছন্দের পোশাক পরে। একদিকে গরম তেলে ইলিশ ও বেগুন ভাজার ঘ্রাণ, অন্যদিকে দেশীয় সংগীতের সুর—সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এমনই প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো মিরসরাই সমিতি ইউএসএ ইনকের ‘প্রবাসে বাঙালিয়ানা’ উৎসব।
বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবটি গত ৯ মে ভ্যালি স্ট্রিম স্টেট পার্কের ফিল্ড-২ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পার্ক রূপ নেয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে ইলিশ ভাজা, নানা ধরনের পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি লোকজ সংগীত ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব হয়ে ওঠে আরও প্রাণবন্ত। অংশগ্রহণকারীরা আড্ডা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্বপরিবারে অংশ নেওয়া প্রবাসীরা একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
মিরসরাই সমিতি ইউএসএ ইনকের সভাপতি আসিফুর রহমান আসিফ এবং সাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ বলেন, প্রবাসে বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তারা সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজক কমিটির আহ্বায়ক কাজী সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ও বেলাল আহমেদ, চিফ কো-অর্ডিনেটর সোবহান শিবলু আনোয়ার, সদস্য সচিব আলিম উদ্দিন মামুন, যুগ্ম-সদস্য সচিব সামছুল আলম দিদার ও দেবাশীষ নাথ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক প্রচার ও আইটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাহাব চৌধুরী পারভেজ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আযম, সন্দীপ সোসাইটি ইউএসএর সভাপতি ফিরোজ আহমেদ, কবির হাট উপজেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মির্জা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজসহ প্রমুখ ।