সাউথ এশিয়ান কালচারাল সেন্টারে ঈদ, হোলি ও স্বাধীনতা দিবস ঘিরে মিলনমেলা

ডেস্ক রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২৬, ১৩:৩২


নিউইয়র্কে সাউথ এশিয়ান কালচারাল সেন্টারে একসঙ্গে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর, হোলি এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস। গত ১৫ এপ্রিল (শুক্রবার) বিভিন্ন সংস্কৃতির মানুষের প্রাণবন্ত মিলনমেলায় আনন্দ, সম্প্রীতি ও বৈচিত্র্যের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে।
এই আয়োজনে যোগ দেন সেন্টারলাইট হেলথকেয়ারের পেস কর্মসূচির অংশগ্রহণকারীরা। তারা জানান, ঈদুল ফিতর রমজান শেষে আনন্দের বার্তা নিয়ে আসে, হোলি বসন্ত ও নতুন জীবনের প্রতীক, আর স্বাধীনতা দিবস স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস। তিনটি ভিন্ন তাৎপর্যের এই উৎসব একসঙ্গে উদযাপনের মধ্য দিয়ে প্রবাসে সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন গড়ে ওঠে।
দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশনা, নানা সংস্কৃতির খাবারের আয়োজন, প্রার্থনা এবং শেষপর্যায়ে বাইরে রঙ খেলায় হোলির উচ্ছ্বাস।
অংশগ্রহণকারী আয়েশা সিদ্দিকা বলেন, “অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে, সবাই দারুণ উপভোগ করেছে।”
সেন্টারলাইট হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা তারা বুয়োনোকোরে-রুট বলেন, ভিন্ন সংস্কৃতির উৎসব একসঙ্গে উদযাপনের মাধ্যমে এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে প্রত্যেকে নিজেকে সম্মানিত ও মূল্যবান মনে করে।
দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয় বয়স্কদের সামাজিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণে কাজ করে আসছে সাউথ এশিয়ান কালচারাল সেন্টার। এ ধরনের আয়োজন তাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করে এবং প্রবাসে বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।