
নিউইয়র্কে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের ডন ভ্যালি হোটেল এন্ড স্যূটে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশন সফল করতে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) নিউইয়র্কের শেফ মহাল রেস্টুরেন্টে ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত মূল বক্তব্য পাঠ করেন ৪০তম ফোবানার প্যাট্রন, শাহ নেওয়াজ গ্রুপের সিইও লায়ন শাহ নেওয়াজ। তিনি বলেন, উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহত্তম সমাবেশ হলো ফোবানা কনভেনশন। এই প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা ও সম্মানিত অতিথিরা একত্রিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করেন।
তিনি জানান, এবারের ঐতিহাসিক ৪০তম ফোবানা কনভেনশন কানাডার টরন্টোর নর্থ ইয়র্ক এলাকার এগলিন্টন ও ডনভ্যালি সংলগ্ন ডনভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী এই কনভেনশনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনী এবং বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোবানা কনভেনশন ২০২৬-এর সাইনিং অথরিটি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটি এসসির চিফ অ্যাডভাইজর ড. দারা আবু যুবায়ের। এছাড়া পেট্রন ও প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছেন শাহ নেওয়াজ, এমবিএ। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ আহমেদ সম্মেলনের প্রস্তুতি ও আয়োজনের দায়িত্ব পালন করবেন। এবারের কনভেনশনের হোস্ট সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সোসাইটি এসসি, অন্টারিও, কানাডা। সংগঠনটির প্রেসিডেন্ট খোকন রহমান এবং সেক্রেটারি জহুরুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের এই ঐতিহাসিক কনভেনশনে অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৪০তম ফোবানার সাইনিং অথরিটি ড. দারা আবু যুবায়ের, সাবেক স্টিয়ারিং কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন আজম, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সাহাবুদ্দিন সাগর, ট্রেজারার কাজী ওয়াহিদ এলিন, ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্য খন্দকার ফরহাদসহ আরো অনেকেই।
এছাড়াও সংবাদ সম্মেলনে ফোবানা স্টিয়ারিং কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।