নিউইয়র্কে ‘গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট’ ৮ আগস্ট

ডেস্ক রিপোর্ট
  ০২ জুন ২০২৬, ২০:৪৪

আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রের নতুন মাত্রা যোগ করতে নিউইয়র্কে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬’ (সিজন ওয়ান)। আগামী ৮ আগস্ট (শনিবার) প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবটি চলচ্চিত্রপ্রেমী ও নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। অলাভজনক সংস্থা ‘নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন’ আয়োজিত এই উৎসবের প্রধান পার্টনার হিসেবে থাকছে ‘ডায়াসপোরা ইউএসএ’।
প্রথম সিজনে মোট ১১টি ক্যাটাগরিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র জমা নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ফিল্মফ্রিওয়ে’র মাধ্যমে সাবমিশন ওপেন হওয়ার মাত্র এক মাসের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৬৫টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র জমা পড়েছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া বাংলাদেশ, ভারতসহ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ছবি জমা পড়েছে। এই বিপুল সাড়ায় ফিল্মফ্রিওয়ে উৎসবটিকে ‘বেস্ট সেলার’ হিসেবে ঘোষণা করেছে। আগামী ৫ জুলাই পর্যন্ত এই উৎসবে চলচ্চিত্র জমা দেওয়া যাবে।
উৎসব পরিচালক ও নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আল আমিন জানান, আগামী ৮ আগস্ট শনিবার দুটি আলাদা ভেন্যুতে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন চলবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, ওয়ার্কশপ এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জ্যামাইকার কুইন্স লাইব্রেরি সেন্ট্রালের মিলনায়তনে। এরপর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় ভেন্যু জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। গত তিন বছরের মধ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি জমা দেওয়ার সুযোগ থাকছে এতে। একইসঙ্গে শিক্ষার্থী ও নবীন নির্মাতাদের জন্য রাখা হয়েছে আলাদা বিভাগ। আমেরিকার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন এবারের উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তিত্ব জুরি বোর্ডে থাকবেন।
শামীম আল আমিন আরও জানান, চলচ্চিত্রের মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া, মানুষকে চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট করা এবং নবীনদের সহায়তার লক্ষ্যে গড়ে ওঠা নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন প্রতিবছরই এই উৎসবের আয়োজন করবে। চলচ্চিত্রের পাশাপাশি ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
এবারের উৎসবের আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. প্রতাপ দাস আশা প্রকাশ করে বলেন, "বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া মানসম্মত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সবার মন জয় করবে এই উৎসব। নিউইয়র্কের দর্শকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে।" তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে সবাইকে এই উৎসব উপভোগ করার আহ্বান জানান।
এখন পর্যন্ত এই উৎসবের পার্টনার হিসেবে যুক্ত রয়েছে কুইন্স পাবলিক লাইব্রেরি, ফিল্মফ্রিওয়ে, অটিজম সোসাইটি হেবিলিটেশন অর্গানাইজেশন ও ওয়ান ওয়ান অর্গানাইজেশন। উৎসবের ক্রিয়েটিভ পার্টনার হিসেবে থাকছে ‘দ্য লেন্স নিউইয়র্ক’ এবং স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘TrueMed Pharma’ ও ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’। উৎসব সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে (https://www.nygsfilmfest.com) এই ওয়েবসাইটে।