
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৭ জুন (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। উৎসব গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক শহরের কুইন্সের জ্যামাইকা এলাকার আরচি স্প্রিংগার পার্কে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব।
আয়োজকেরা জানান, প্রবাসী বাঙালিদের মেলবন্ধনের এই উৎসবে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, নাজু আখন্দ, পারভেজ সাজ্জাদ, কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা ও সুজন আরিফ সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া দর্শকদের মাতাতে থাকছেন ডিজে রাহাত। নাচ ও গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে শিশুদের জন্য বিশেষ খেলার ব্যবস্থা।
দিনব্যাপী এই মেলায় প্রবাসী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন স্টলের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে হরেক রকমের বুটিকস পোশাক, আকর্ষণীয় জুয়েলারি ও নানা রকম পণ্যের স্টল থাকবে। সেই সঙ্গে ভোজনরসিকদের জন্য থাকবে ঐতিহ্যবাহী হালাল খাবারের সমাহার।
উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। দিনব্যাপী এই আনন্দ আয়োজনে নিউইয়র্ক ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।