ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুন ২০২৬, ১৪:৩৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের লনে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন—এমনই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, জন্মদিন উদযাপন উপলক্ষে সেখানে ‘কেজ ফাইট’ বা খাঁচার লড়াইয়ের আয়োজন করা হয়, যা নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামে একটি বিশেষ প্রতিযোগিতার অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে বিশ্বের অন্যতম জনপ্রিয় মিক্সড মার্শাল আর্ট সংস্থা Ultimate Fighting Championship–এর ১৪ জন তারকা অংশ নেওয়ার কথা রয়েছে। দক্ষিণ লনের অস্থায়ী ভেন্যু ‘দ্য ক্ল’-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, এই আয়োজনটি মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় ৬০ মিলিয়ন ডলার ব্যয়ে পরিকল্পনা করা হলেও তা ট্রাম্পের জন্মদিনের সঙ্গে একই সময়ে পড়ে যায়। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, নিউইয়র্কের কুইন্সের একটি ধনী পরিবারে। বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। শৈশব থেকেই তিনি ছিলেন চার ভাইবোনের মধ্যে চতুর্থ। ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তী সময়ে বাবার রিয়েল এস্টেট ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন। ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারসহ একাধিক বহুতল ভবন, হোটেল ও গলফ কোর্স নির্মাণের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। পরে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা আরও বাড়ে।
রাজনীতিতে প্রবেশের পর ২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দিয়ে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ২০২৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য নীতিতে তার ভূমিকার জন্য।
হারজগ বলেন, ইরানের বিরুদ্ধে অবস্থান এবং ইসরায়েলের প্রতি অবিচল সমর্থনের জন্য তার নেতৃত্বকে ইসরায়েলিরা গভীরভাবে মূল্যায়ন করে। তিনি আরও আশা প্রকাশ করেন, ট্রাম্প ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তবে হোয়াইট হাউসে জন্মদিন ঘিরে ‘কেজ ফাইট’ আয়োজনের দাবি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা এ ধরনের আয়োজনকে অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলে সমালোচনা করছেন, যদিও বিষয়টি নিয়ে এখনো সরকারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।