ব্রঙ্কসে হচ্ছে নিউইয়র্ক সিটির দ্বিতীয় সিটি : মেয়র মামদানি

ডেস্ক রিপোর্ট
  ২১ মে ২০২৬, ১৫:২৭

নিউইয়র্ক সিটির খাদ্য নিরাপত্তা ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানি সোমবার (১৮ মে) ঘোষণা দিয়েছেন, নিউইয়র্ক সিটির দ্বিতীয় সিটি-পরিচালিত গ্রোসারি স্টোর ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় প্রতিষ্ঠা করা হবে। নগরবাসীর জন্য তুলনামূলক কম দামে স্বাস্থ্যকর ও প্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন গ্রোসারি স্টোরটি গড়ে তোলা হবে ব্রঙ্কসের বহুল পরিচিত উন্নয়ন প্রকল্প ‘দ্য পেনিনসুলা’-তে। প্রায় ২০ হাজার বর্গফুট আয়তনের এই আধুনিক সুপারমার্কেট আগামী বছর চালু হওয়ার কথা রয়েছে। সিটি কর্মকর্তাদের মতে, এটি শুধু একটি মুদি দোকান নয়; বরং খাদ্য বৈষম্য কমানো, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় হ্রাস এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করার বৃহৎ পরিকল্পনার অংশ।
এই ঘোষণার মাধ্যমে প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ‘ফুড ডেজার্ট’ বা মানসম্মত খাদ্যপণ্যের সংকটে থাকা কমিউনিটিগুলোর জন্য সরাসরি সরকারি উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। বিশেষ করে, ব্রঙ্কসের বহু পরিবার দীর্ঘদিন ধরে উচ্চমূল্য, সীমিত পণ্যের সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত খাবারের অপ্রতুলতার অভিযোগ করে আসছিল। নতুন এই সিটি-পরিচালিত স্টোর স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
মেয়র জোহরান মামদানি বলেন, খাদ্য কোনো বিলাসিতা নয়; এটি মানুষের মৌলিক অধিকার। প্রতিটি নিউইয়র্কবাসী যেন ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর খাদ্য কিনতে পারে, সেটি নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। তিনি আরও বলেন, শহরের কর্মজীবী পরিবারগুলো ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে রয়েছে। তাই সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সিটি প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, এই গ্রোসারি স্টোরে তাজা শাকসবজি, ফলমূল, দুগ্ধজাত পণ্য, মাংস, দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য রাখা হবে। একই সঙ্গে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্টোরটি চালু হলে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং ছোট ব্যবসা ও স্থানীয় সরবরাহকারীরাও উপকৃত হবে।
হান্টস পয়েন্ট এলাকা নিউইয়র্ক সিটির খাদ্য সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এই এলাকায় নতুন গ্রোসারি স্টোর স্থাপনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদেরা। কারণ এখানকার পরিবহন ও সরবরাহ অবকাঠামো ব্যবহার করে কম খরচে পণ্য সরবরাহ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সিটি-পরিচালিত গ্রোসারি স্টোরের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে নিউইয়র্ক সিটির আরও বিভিন্ন এলাকায় এমন সরকারি সুপারমার্কেট চালুর সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে, নিম্ন আয়ের অভিবাসী ও শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।