
কুইন্সে ছিনতাইয়ের সময় এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ফ্লাশিং এলাকার রুজভেল্ট অ্যাভিনিউতে ঘটনাটি ঘটে। ওই সময় তিনজন ব্যক্তি ১৪ বছর বয়সী এক কিশোরের কাছে এসে তাকে ঘিরে ধরে এবং কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে।
পরে সন্দেহভাজনদের মধ্যে দু’জন ছুরি বের করে কিশোরটির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বলছে, কিশোরটি ফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে ডান কাঁধে ছুরিকাঘাত করা হয়।
ঘটনার পর তিনজনই কিশোরটির মোবাইল ফোন নিয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। সর্বশেষ তাদের রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে, কলেজ পয়েন্টের দিকে যেতে দেখা গেছে।
আহত কিশোরকে পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সন্দেহভাজনদের ছবি প্রকাশ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য থাকলে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সব তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।