
জাতীয় নারী ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে তেমন কোনো প্রশ্ন ছিল না। টি২০ বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে ভালো খেলে আর বিশ্বকাপে দুটি ম্যাচ জিতে প্রশংসা কুড়িয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস যেতে না যেতে টালমাটাল দেশের নারী ক্রিকেট। টি২০ এশিয়া কাপের গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকে সমালোচনার মুখে জ্যোতিরা। মিডিয়ায় কাটাছেঁড়া হচ্ছে দলের পারফরম্যান্স। সেই সঙ্গে যোগ হয়েছে সেমিফাইনাল ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে জ্যোতির হাত না মেলানোর ইস্যু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিকে দেখছে অধিনায়কের অক্রিকেটীয় আচরণ হিসেবে। এশিয়ান গেমস শেষে এ নিয়ে তদন্তের মুখোমুখি হতে পারেন জ্যোতি। করমর্দন ইস্যু চাপা পড়ার আগেই ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। একের পর এক বিতর্ক দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি টিম ম্যানেজমেন্টের। জাতীয় দলের একজন সদস্য জানান, ছাঁটাই আতঙ্কে ভুগছেন খেলোয়াড়রা।
এশিয়া কাপের সেমিফাইনালে হেরে এশিয়ান গেমস খেলতে গেছেন জ্যোতিরা। গতকাল সোমবার জাপানের নাগোয়ায় পৌঁছেছেন তারা। দুই দিন পর ম্যাচ খেলতে নামবেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। নকআউটের এই ম্যাচ জিতলে সেরা চারে উন্নীত হবে দল। সেমিফাইনালে জ্যোতিদের প্রতিপক্ষ ভারত। সদ্য টি২০ এশিয়া কাপজয়ী ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। সেখানে বাইরের ইস্যুগুলো মাথায় থাকলে চীনের সঙ্গে লড়াই করাও চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিসিবি নারী ক্রিকেটের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই ইস্যুতে বলেন, ‘খেলা চলাকালে সমালোচনা বেশি হলে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। আমরা চেষ্টা করছি বাইরের ইস্যু থেকে খেলোয়াড়দের দূরে রাখতে। আশা করি, তারা খেলায় মনোযোগ দেবে।’
ভারত অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো বড় করে দেখার কারণ বুঝতে পারছেন না একজন আন্তর্জাতিক আম্পায়ার। কারণ হারমানপ্রীত বা ভারতীয় দল থেকে এ ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। তবে বিষয়টি নিয়ে নিউজ হওয়ায় রফিকুল ইসলাম জানান, হাত না মেলানো জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি নিয়ে খেলি। ক্রিকেটীয় সংস্কৃতি মেনে চলার জন্য বোর্ড থেকে খেলোয়াড়দের বলা হয়। এশিয়ান গেমস শেষে অধিনায়কের সঙ্গে কথা বললে জানতে পারব কেন হাত মেলায়নি।’
টসের সময় হাত না মেলানোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এখন। একজন আন্তর্জাতিক আম্পায়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘টিভি ক্যামেরা আগে থেকে প্রস্তুত থাকায় খেলোয়াড়রা হাত মেলানোকে অতটা গুরুত্ব দেন না এখন। খেয়াল করলে দেখবেন বেশির ভাগ ম্যাচে অধিনায়করা টসের পর হাত মেলান না।’
মিডিয়ার সমালোচনা ও বিসিবির প্রতিক্রিয়ায় নারী ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। জ্যোতিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন আছে বোর্ডে। এ নিয়ে রফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যে কোনো সিদ্ধান্ত যাচাই-বাছাই করে নেওয়া হবে। জ্যোতির জায়গায় ভালো বিকল্প আছে কিনা, সেটাও দেখতে হবে। অধিনায়ককে রাখা, না রাখার সিদ্ধান্ত নেবে বোর্ড।’
নারী দলের প্রধান কোচ সারওয়ার ইমরানের দৃষ্টিতে পারফরম্যান্সের দিক থেকে জ্যোতি অন্যতম সেরা একজন ব্যাটার। অধিনায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হয় তাঁকে। তিনি মেয়েদের দলটিকে এক সুতায় বেঁধেছেন বলে দাবি ম্যানেজমেন্টের। গুঞ্জন নিয়ে জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার বলেন, ‘জ্যোতি ছাড়া এ মুহূর্তে দল চালানোর মতো কেউ নেই। রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে আত্মঘাতী।’
এদিকে দলের ম্যানেজার ফাইয়াজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে রফিকুল ইসলাম বাবু জানান, টাকা নয়-ছয় করার কোনো সুযোগ নেই। তিনি জানান, তদন্তে দোষী প্রমাণ না হলে কাউকে সরানো হবে না।