পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ২৩:৫৬

পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলবে বিশ্বকাপজয়ী দুই দল শ্রীলংকা ও ইংল্যান্ড।
আগামী ৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পাশাপাশি একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেরও আয়োজন করবে পাকিস্তান।
সফরে সবার আগে পা রাখবে শ্রীলংকা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে লংকানরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর।
এরপর ১৮ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সাত ম্যাচের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে ইংল্যান্ড ও শ্রীলংকা। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হওয়ার পর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য খেলা গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
১৮ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের। ২০ অক্টোবর পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। এরপর ২২ অক্টোবর লড়বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এরপর ম্যাচগুলো হবে লাহোরে; যেখানে ২৫ অক্টোবর পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং ২৭ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৯ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৩১ অক্টোবর ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টেস্ট শুরুর আগে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কান দল।
সিরিজের প্রথম টেস্টটি ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় টেস্টটি ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে এটি ঘরের মাঠে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সিরিজ হতে যাচ্ছে। অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজনের পর টানা দ্বিতীয় বছরের মতো ঘরের মাঠে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পিসিবি।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি

১৮ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি
২০ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২২ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
২৭ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর
২৯ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, লাহোর
৩১ অক্টোবর: ফাইনাল, লাহোর