
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার পাঁচ সদস্যকে শাস্তি দিয়েছে ফিফা। শাস্তির আওতায় রয়েছেন চার ফুটবলার ও দলের এক কর্মকর্তা। পাশাপাশি নিজেদের পরবর্তী দুটি হোম ম্যাচে অর্ধেক দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মোলিনাকে দেওয়া হয়েছে সাত ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা।
অন্যদিকে থিয়াগো আলমাদা ও পাবলো মার্তিন গাভিরাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই গুনতে হবে ৩০ হাজার ডলার করে জরিমানা।
আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো আয়ালাকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
শুধু ব্যক্তিগত শাস্তিতেই থামেনি ফিফা। আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী দুটি আন্তর্জাতিক হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। অর্থাৎ এই দুই ম্যাচে গ্যালারির অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ফিফার শৃঙ্খলাবিধি ভঙ্গের দায়ে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, ক্রীড়াবহির্ভূত উদ্দেশ্যে কোনো ক্রীড়া আয়োজনকে ব্যবহার করে প্রদর্শনী করা, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণে এএফএর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনা হারার পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার তদন্ত শেষে এবার আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র: বিবিসি স্পোর্ট