আ.লীগের রাজনীতিতে ফেরার ব্যাখ্যা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২৬, ০০:০১

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘যেহেতু এখন দলের (আওয়ামী লীগের) কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।’
তার এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভাইরাল হওয়া এমন বক্তব্য নিয়ে সোমবার রাত পৌনে ১১টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে সাকিব লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।
তিনি আরও লেখেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।
সাকিব বলেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।