ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
  ১০ মার্চ ২০২৬, ১৩:০৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা ক্রিকেটার এবং বর্তমানে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কর্মকর্তা অমিত মিশ্রর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন তার স্ত্রী গরিমা। কানপুরের একটি আদালতে দাখিল করা এই অভিযোগে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অমিতের বাবা-মা, ভাই ও বোনকেও।
গরিমা জানান, ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ অনুযায়ী, বিয়ের পরপরই অমিত ও তার পরিবার একটি হোন্ডা সিটি গাড়ি এবং নগদ ১০ লাখ টাকা যৌতুক দাবি করতে শুরু করেন। গরিমার পরিবার আড়াই লাখ টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।
৩৫ বছর বয়সী এই মডেল অভিযোগ করেন, অমিত প্রায়ই মদ্যপ অবস্থায় তাকে মারধর ও গালিগালাজ করতেন। এমনকি অনেক সময় দিনের পর দিন তাকে খাবার না দিয়ে আটকে রাখা হতো। গরিমা আরও দাবি করেন, তার মডেলিং ক্যারিয়ারের উপার্জিত টাকাও অমিত কেড়ে নিতেন। এসব মানসিক ও শারীরিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে গরিমা একবার ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগেন।
এর আগে ২০১৫ সালেও তিনি অমিতের বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার সরাসরি আদালতে গিয়ে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনলেন গরিমা। তার দাবি, পুলিশের কাছে বারবার গিয়েও অমিতের প্রভাবের কারণে কোনো এফআইআর নথিভুক্ত না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।