ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির আকর্ষণীয় গিফট

স্পোর্টস ডেস্ক
  ১০ মার্চ ২০২৬, ০০:২৬

আসন্ন ঈদুল ফিতরে ক্রিকেটারদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোজার ঈদে চালু হয়েছে এই রীতি। এবারও বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা, উপহার পাবেন তাদের স্ত্রীরাও।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের  এই উদ্যোগের মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্কটাকে আরও উষ্ণ করে তুলবে। 
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানান, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’
গতবার বিসিবির উপহার পেয়েছিলেন ক্রিকেটারদের স্ত্রীরা। সেবার স্ত্রীদের দেওয়া হয়েছিল সালোয়ার–কামিজ। এবার স্ত্রীর সঙ্গে ক্রিকেটাররাও পাবেন ঈদ উপহার।
গত এক বছরে যারা জাতীয় দলের হয়ে কোনো না কোনো ফরম্যাটে খেলেছেন এমন ৩০ জন ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের নামে পাঠানো হবে ঈদ উপহার। এছাড়া গত এক বছরের কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও ২০ জনের জন্যও থাকছে একই উপহার।
ঈদ উপহার হিসেবে এবার ক্রিকেটাররা পাচ্ছেন- পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা–পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। বাদ যাবে না ক্রিকেটারদের সন্তানেরাও। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স।