
গত ১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে হেরে আসর থেকেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়রা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ৫দিন পার হলেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে দেশে ফিরতে পারেনি।
বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ক্যারিবীয় ক্রিকেটাররা দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এমতাবস্থায় সামাজিক মাধ্যমে মজা করে পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে সাহায্য চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন।
বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ হওয়ার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছে। গত রোববার ইডেন গার্ডেন্সে ভারতের কাছে ৫ উইকেটে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। বিমান সমস্যার কারণে দেশে ফিরতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আকিল হোসেইন লেখেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বলি যেন তিনি তার জেট পাঠিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে যান।’
গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি দলটির ফেরার পরিকল্পনা নিয়ে আইসিসির কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন। পরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ক্রিকেটারদের দেশে ফেরাতে একটি চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভারত থেকে দলের যাত্রা হওয়ার সম্ভাবনার কথাও শোনা যায়। তবে চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতির ওপর।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আরও জানায়, ‘ভারতের বিপক্ষে শেষ ম্যাচের পর থেকেই খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের ফলে সৃষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আন্তর্জাতিক আকাশপথে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি বেশ জটিল। তবে দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে।’