সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  ১২ অক্টোবর ২০২৬, ১৪:৫০


সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদ ও দাম্মামের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলার ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর আনুষ্ঠানিক অ্যাকাউন্ট ‘ট্রাভেলগভ’ জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার বিষয়ে তারা অবগত রয়েছে। একই সঙ্গে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নিতে হবে।
এ ছাড়া ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানপথে যাতায়াত ব্যাহত হলে বিকল্প হিসেবে ব্যক্তিগত গাড়ি, ট্রেন ও বাস ব্যবহারের কথাও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
 আল জাজিরা