বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ

ডেস্ক রিপোর্ট
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী, ধনকুবের ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন ৫২ বছর বয়সী জেমাইমা।
তারা শনিবার বিয়ে করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন জেমাইমার ভাই বেন গোল্ডস্মিথ। আর তার স্ত্রী জেমিমা জোনস অনলাইনে এক পোস্টে বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লিখেছেন: "কী আনন্দের একটি দিন!"
এর আগে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছর সংসার করার পর ২০০৪ সালে বিচ্ছেদ ঘটেছিল জেমাইমার। ইমরান-জেমাইমা দম্পতির সুলাইমান ও কাসিম নামের দুই ছেলে আছে।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি। তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে এখন আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার। অন্যদিকে, ক্যামেরন ও'রেইলির আগের সম্পর্কের ৪ সন্তান আছে।
ইমরানের সঙ্গে বিচ্ছেদের ২২ বছর পর দ্বিতীয় বিয়ে করলেন জেমিমা। তার সঙ্গে জুড়ল ক্যামেরন ও’রেইলির নাম। চলতি বছর মে মাসেই তাদের বাগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের খবর সামনে এল।
জেমাইমা সাংবাদিকতা এবং চলচ্চিত্র নির্মাণের জগতে নিজের ক্যারিয়ার গড়েছেন। তিনি নিজেও একজন চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ আগ্রহ থেকেই জেমাইমা এবং ক্যামেরনের প্রথম পরিচয়।
‘দ্য ডেইলি মেইল’ জানায়, ক্যামেরন ও’রেইলি কয়েকটি প্রামাণ্যচিত্র ও সিনেমা নিয়ে নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করার সময়ই জেমাইমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন।