
বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে পশ্চিমবঙ্গের বাজারে তৈরি হয় আগ্রহ। অথচ এবার পরিস্থিতি পুরোপুরি উল্টো। দেশের বাজারের ঘাটতি মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে ‘ইলিশের দেশে’।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। এর মধ্যে আগস্টেই এসেছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি। জুলাইয়ে এসেছিল ২৯ হাজার ৪৪০ কেজি। আমদানি করা এসব ইলিশের ঘোষিত মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বাংলাদেশে হয় বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। দেশের নদনদী ও বঙ্গোপসাগর ইলিশের অন্যতম প্রধান বিচরণক্ষেত্র। সেই বাংলাদেশের বাজারেই এখন ভারতীয় ইলিশের সরবরাহ বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, দেশে ইলিশের জোগান কমে যাওয়ায় চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে।
ভারতের আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে ভারত থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। হাওড়া পাইকারি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে এবার ইলিশের ঘাটতি থাকায় প্রথমবারের মতো হাওড়া বাজার থেকেও ইলিশ রপ্তানি হয়েছে। সাধারণত হাওড়া থেকে বাংলাদেশে রুই, পারসে, ট্যাংরাসহ বিভিন্ন মাছ যায়।
গুজরাটের ইলিশের ক্ষেত্রেও এবার ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, গুজরাটে এবার ইলিশের জোগান ভালো হওয়ায় তুলনামূলক কম দামে মাছ পাওয়া যাচ্ছে। ডিমওয়ালা ইলিশের চাহিদা থাকায় এসব মাছ বাংলাদেশে আনা হচ্ছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইলিশের ডিম আলাদা করে বিক্রি এবং কিছু মাছ নোনা ইলিশ হিসেবে বাজারজাত করা হচ্ছে। আরও ১০০ থেকে ১৫০ টন ইলিশ বাংলাদেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ইলিশ এনেছে। জুলাইয়ে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। আমদানি করা এসব মাছের ঘোষিত মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। জুলাইয়ে আমদানি মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, প্রথম দুই মাসে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। মাছ পরীক্ষা করে কোয়ারেন্টাইন সনদ দেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জুলাইয়ে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ভারতীয় ইলিশ আমদানি হয়েছে। কাস্টমসের ছাড়পত্র ও বন্দরের শুল্ক আদায়ের পর আমদানিকারকরা বাংলাদেশি ট্রাকে করে এসব মাছ দেশের বিভিন্ন স্থানে নিয়ে গেছেন।
বেনাপোল, যশোরের বড় বাজারসহ বিভিন্ন বাজারে এখন আমদানি করা ইলিশের সরবরাহ বেড়েছে। এসব মাছের বড় অংশ ভারতীয় ইলিশ বলে সরকারি কর্মকর্তারা জানালেও স্থানীয় বাজারে কিছু ব্যবসায়ী এগুলোকে মিয়ানমারের ইলিশ বলছেন। আবার ক্রেতাদের অভিযোগ, ভারত বা মিয়ানমার থেকে আসা মাছকে পদ্মা, চাঁদপুর, বরিশাল কিংবা চট্টগ্রামের ইলিশ বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশ বর্তমানে কেজিপ্রতি ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বিপরীতে একই ধরনের আমদানি করা ইলিশ পাওয়া যাচ্ছে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
কম দামে বড় মাছ পাওয়ায় অনেক ক্রেতা আমদানি করা ইলিশের দিকে ঝুঁকছেন। এতে দেশি ইলিশের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন তারা।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, আমদানি করা মাছ দেশি বলে বিক্রি করার বিষয়টি মৎস্য আইনের আওতায় সরাসরি পড়ে না। ফলে আমরা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছি না।
বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য এই পরিস্থিতিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মৎস্য বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বাংলাদেশের নদীগুলোতে দূষণ ও নাব্য সংকট দীর্ঘদিনের। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হওয়ায় ইলিশের আবাস ও চলাচলের ওপর চাপ বাড়ছে। বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে গিয়ে যদি বাজারের চাহিদা পূরণে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হয়, তাহলে এটি ইলিশের জন্য বড় হুমকি।