
২০২৪ সালের পর ২০২৬ সালেও ফের রাজনীতিতে ‘ছাগল’ নিয়ে আলোচনা চলছে। এবার সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের পালিত ছাগল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজনের জবাই করে খেয়ে ফেলা নিয়ে চলছে তুমুল তর্ক-বিতর্ক।
২০২৪ সালে মতিউরের ছাগলকাণ্ড
২০২৪ সালে কোরবানি ঈদের আগে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। ইফাতের বাসা ধানমন্ডিতে এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের তৎকালীন প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে। তবে সে সময় মতিউর রহমান সেই ছেলের পরিচয় এড়িয়ে যান। তবে পরে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। সেই মতিউর এখন দুর্নীতি মামলায় কারাগারে। সে সময় ছাগলটিও খবরের শিরোনামে উঠে এসেছিল বারবার।
২০২৪ সালের ৪ জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায় বলে জানায় সংস্থাটি। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাবও জব্দ করা হয়।
২০২৬ সালে পাটওয়ারীর ছাগল খাওয়া নিয়ে শোরগোল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া টকশোর ভিডিও নজরে আসে। সেখানে অন্তর্বতী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বলতে শোনা যায়, তার মেয়ের লালন-পালন করা একটি ছাগল জবাই করে খেয়ে ফেলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন। তিনি ছাগলটি কীভাবে জবাই করা হয় তারও বর্ণনা দেন। তার মেয়ে এখনও জানে না ছাগলটি জবাই করে খেয়ে ফেলা হয়েছে। এখনও সে ছাগলটি খুঁজে বেড়ায়। খুব আক্ষেপ করে তিনি বলছিলেন, ছাগলটি হারিয়ে তার মেয়ে অনেকটা ভেঙে পড়ে। অনেক সময় লেগেছে তার স্বাভাবিক হতে।
অপরদিকে, যার বিরুদ্ধে আসিফ নজরুলের এই অভিযোগ সেই নাসীরুদ্দীন পাটওয়ারী এবার বললেন উল্টো কথা।
পাটওয়ারী রোববার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, ড. আসিফ নজরুলের ছাগল দুটাই খাওয়া উচিত ছিল। তিনি বলেন, আসিফ নজরুলের একটি ছাগল খাওয়া হয়েছে, অথচ তার মতে দুটিই খাওয়া উচিত ছিল। একটি বাদ দেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধিক্কার জানান।
একইসঙ্গে আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষক হিসেবে আসিফ নজরুল ভালো মানুষ। তবে তিনি জুলাই আন্দোলনকারীদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুল গরু, ছাগল, মুরগি পালন শুরু করেছিলেন এবং এসব প্রাণী যেখানে রাখা হতো সেখানে পুলিশের সিকিউরিটিও দাঁড় করিয়ে রাখতেন।
বিভিন্ন ইস্যুতে সব সময় রাজনীতিতে আলোচনায় থাকেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি তিনি প্রাডো গাড়ি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চে যোগ দিয়েছিলেন। পরে সেটি নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করে হেরে যান পাটওয়ারী। সম্প্রতি তিনি ভোটারও হয়েছেন মির্জা আব্বাসের আসনে।
সূত্র: জাগো নিউজ