ইংলিশ চ্যানেলে সন্দেহভাজন রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জুন ২০২৬, ২২:৪৭

ইংলিশ চ্যানেলে একটি সন্দেহভাজন রুশ ‘শ্যাডো ফ্লিট’ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ছয় ঘণ্টার এক বিশেষ অভিযানে জাহাজটি আটক করা হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এ সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি আঘাত এবং যারা ইউক্রেনে পুতিনের যুদ্ধকে অর্থায়ন করছে তাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের এই পদক্ষেপকে ‘নীতিগত দৃঢ়তা’ হিসেবে উল্লেখ করে কিয়ার স্টারমার ও ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানান। 
জেলেনস্কি বলেন, ইউরোপকে এখনই এমন আইনগত পদক্ষেপ নিতে হবে যাতে শুধু ট্যাঙ্কার আটক নয়, বরং তেল জব্দ করাও সম্ভব হয়।
জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধরনের জাহাজ জব্দকে ‘দস্যুতা’ হিসেবে অভিহিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১৪ জুন) ভোরে ক্যামেরুন পতাকাবাহী ‘স্মিরটোস’ নামের ট্যাঙ্কারটি আটক করা হয়। অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো, ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা অংশ নেন। তাদের সহায়তা করে চিনুক হেলিকপ্টার, একটি ফ্রিগেট জাহাজ এবং মাইনহান্টার ইউনিট।
প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, এ ধরনের অভিযান অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসের দাবি রাখে। তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, রাশিয়া তার যুদ্ধ অর্থায়নের জন্য এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে, আর এই আটক অভিযান তাদের জন্য একটি বড় আঘাত।
মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানটি প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয়। পরে জাহাজটিকে দক্ষিণ ইংল্যান্ডের উপকূলের কাছে একটি নিরাপদ নোঙরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবেশগত ও নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জাহাজটি ৫ জুন রাশিয়ার বাল্টিক বন্দর উস্ত-লুগা থেকে যাত্রা শুরু করে মিসরের পোর্ট সাইদের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এর আগে ইউরোপের বিভিন্ন দেশও রুশ সংশ্লিষ্ট কয়েকটি ট্যাঙ্কার আটক করেছে।
যুক্তরাজ্য ইতোমধ্যে ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, এসব পদক্ষেপের ফলে ২০২৫ সালে রাশিয়ার তেল ও গ্যাস আয় আগের বছরের তুলনায় ২৪ শতাংশ কমেছে।