
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এসব ভিসা বাতিলের পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর সরকারি পরিষেবা স্থগিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, পর্যবেক্ষণদল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখেছে। এদের মধ্যে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি মামলায় আইন লঙ্ঘন শনাক্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ চাকরির সুযোগ খুঁজে পেতে সহায়তার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।
সৌদির মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে আড়াই লাখ বার সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩৫২২টি আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানায়, অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচারের দায়ে সোশ্যাল মিডিয়ার ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন করেছে বলেও জানানো হয়।