
চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সম্ভাব্য যুক্তরাজ্য সফর নিয়ে রাজপরিবারের অভ্যন্তরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন (কেট মিডলটন) এই দম্পতির ফেরা নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন।
রাজপরিবারের ‘শান্তি রক্ষাকারী’ হিসেবে পরিচিত কেট মিডলটন মনে করছেন, বর্তমান রাজকীয় উত্তেজনার মধ্যে হ্যারি-মেগানের এই সফরের সময়কাল অত্যন্ত ‘স্পর্শকাতর’। ২০২৭ সালের ইনভিক্টাস গেমসের কাউন্টডাউন অনুষ্ঠানে যোগ দিতে এই দম্পতির যুক্তরাজ্যে আসার কথা রয়েছে। তবে কেট বিশ্বাস করেন না যে, এই সফর তাদের সঙ্গে রাজপরিবারের তিক্ততা কমাতে কোনো ভূমিকা রাখবে।
বার্তা সূত্রের খবর অনুযায়ী, কেট মিডলটন তার এই উদ্বেগের কথা সরাসরি রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ এক সূত্র একটি মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘কেট এই বিষয়ে মোটেও আনন্দিত নন, বরং বিষয়টি তার জন্য বেশ বিরক্তিকর। তিনি মনে করেন, কিছু সীমা অতিক্রম করার পর তা আর সহজে মুছে ফেলা যায় না।’
কেট মনে করছেন, ২০২০ সালের ঘটনার পর হ্যারি-মেগান এমনভাবে ফিরতে চাইছেন যেন ‘কিছুই ঘটেনি’, যা তার কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতার মতো।
২০২০ সালের রেশ এবং আস্থার সংকট
২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর অপরাহ উইনফ্রের সাক্ষাৎকারসহ বিভিন্ন মাধ্যমে হ্যারি ও মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন। কেট মিডলটন মনে করেন, সেই সময়টাতে রাজকীয় প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কেটের মতে রাজকীয় সেবা কোনো সাময়িক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। তাই মেগানকে আবারও রাজপরিবারের বলয়ে ফিরিয়ে আনা, পরিস্থিতি উন্নয়নের বদলে আরও ঘোলাটে করবে বলেই প্রিন্সেস অব ওয়েলসের বিশ্বাস।