
‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’—এই লক্ষ্য সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক, অরাজনৈতিক ও দেশসেবামূলক সংগঠনটি ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের নেটওয়ার্কে যুক্ত করেছে। প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য।
এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ আয়োজন উপলক্ষে ফ্রান্সে বসবাসরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ১১ অক্টোবর, রোববার বিকেল ৫টায় ফ্রান্সের ‘ক্যাফে দ্য লুনা’য় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের অ্যাডভাইজার কাজী এনায়েত উল্লাহ ইনু, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এর কনভেনর মমিনুল হক এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। সংবাদ সম্মেলনে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে যাত্রা শুরু করলেও এর উদ্যোগের সূত্রপাত ২০১৪ সালে সিঙ্গাপুরে আয়োজিত ওয়ার্ল্ড বিজনেস সামিটের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক সামিট আয়োজনের মাধ্যমে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের যোগাযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম লক্ষ্য হলো ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারকে ‘ব্রেইন গেইন’-এ রূপান্তর করা। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও অন্যান্য পেশাজীবীর জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সংগঠনটি। পাশাপাশি প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় উদ্যোক্তা ও সরকারের কার্যকর সংযোগ তৈরি, তরুণদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬। ‘Think Bangladesh’ স্লোগানে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করছে আয়োজকরা। সম্মেলনে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও প্রবাসী সম্পৃক্ততা নিয়ে আলোচনা, গোলটেবিল বৈঠক এবং মতবিনিময়ের আয়োজন থাকবে।
এনআরবি ওয়ার্ল্ডের প্রত্যাশা, সামিটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের যোগাযোগ আরও জোরদার হবে এবং নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হবে। সংগঠনটির মতে, প্রবাসীদের মেধা, দক্ষতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করা গেলে তা বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।