দুবাই লটারিতে ৩৩ লাখ টাকা জিতে পরিবারের কথা মনে পড়ল রফিকুলের

ডেস্ক রিপোর্ট
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩

প্রবাস জীবনের দীর্ঘ ১৭ বছর কেটেছে কায়ক্লেশে, প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে। পরিবারের মুখে হাসি ফোটাতে ঘাম ঝরানো সেই সংগ্রামের পর অবশেষে যেন ভাগ্যের দেখা পেলেন ৫৩ বছর বয়সি প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রফিকুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকেট’ লটারির ২৯০তম সিরিজে এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৫০ হাজার টাকা) জয় করে নিয়েছেন তিনি।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, দুবাই প্রবাসী রফিকুল ইসলাম একা নন, বন্ধুদের একটি গ্রুপের সঙ্গে নিয়মিত বিগ টিকেট কিনতেন। ২৯০ সিরিজে সান্ত্বনা পুরস্কার হিসেবে এক লাখ দিরহাম জয়ের খবরটি যখন প্রথম তার কানে পৌঁছায়, মুহূর্তে ফিকে হয়ে যায় দীর্ঘ প্রবাস জীবনের সব ক্লান্তি। আনন্দাশ্রু আর রোমাঞ্চে ভেসে রফিকুলের মনে ভেসে ওঠে দেশের মাটিতে থাকা প্রিয় মানুষগুলোর মুখ।
জয়ের আবেগঘন অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে উচ্ছ্বসিত রফিকুল বলেন, “আমরা লটারি জিতেছি শুনে আনন্দের সীমা ছিল না। পরিবার ছেড়ে দূরে থাকা একজন প্রবাসীর জন্য কঠোর পরিশ্রমের পর এমন মুহূর্ত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিজয়ের খবরটি শোনার পরই আমার মনে হয়েছে দেশের বাড়িতে থাকা প্রিয়জনদের কথা। ভাবছিলাম, এই সুখবরটা শুনলে তারা কতটা আনন্দিত হবে!”
এই সিরিজের জয়ের পর প্রাপ্ত মোট এক লাখ দিরহাম রফিকুল ও তার গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ভাগ হয়ে যাবে। নিজের অংশের অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে এই হঠাৎ প্রাপ্তির রোমাঞ্চ তার জয়ের তৃষ্ণা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভাগ্যের এই চমকে উৎসাহিত হয়ে ঠিক তার পরদিন আবারও একটি নতুন বিগ টিকেট কিনে ফেলেছেন তিনি।
রফিকুল একা নন, বিগ টিকেটের ২৯০ সিরিজে তার মতো বাংলাদেশ ও ভারতের আরও চারজন প্রবাসী এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার জিতেছেন। এই পাঁচ ভাগ্যবানের পকেটে গেছে মোট পাঁচ লাখ দিরহাম।
আয়োজক সংস্থা জানায়, আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া তাদের লাইভ ড্র-তে রফিকুলের মতো আরও অনেকের ভাগ্য পরিবর্তনের জন্য অপেক্ষা করছে আড়াই কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইসহ বহু আকর্ষণীয় পুরস্কার।