
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে আবহমান বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করার লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও দাতব্য সন্ধ্যা। ১২ সেপ্টেম্বর শনিবার সেয়ারভিলের 'সেয়ারভিল সিনিয়র সেন্টার'-এ সৃষ্টি একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় 'কমিউনিটি ইন মোশন'। অলাভজনক দাতব্য সংস্থা 'আগামী' (AGAMI)-এর শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ আয়োজন সাজানো হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশি-আমেরিকান শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নাচ, গান, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী ধাঁধার আসরের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা শিশুরা মেধার দ্যুতি ছড়ায়। বিদেশের মাটিতে তাদের সাবলীল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে শিশু-কিশোরদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থীর শিল্পকর্ম এরই মধ্যে বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পুরো চত্বরে ছিল দেশীয় উৎসবের আমেজ। দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠিত হয় একটি বর্ণিল ফ্যাশন শো। এ ছাড়া স্থানীয় তরুণ উদ্যোক্তাদের তৈরি নানা সামগ্রী, বুটিক, শাড়ি ও গহনার স্টল স্থান পায় প্রদর্শনীতে। আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশন করা হয় ফুচকা, হালিম, হাতে তৈরি দেশীয় পিঠা ও বিরিয়ানিসহ নানা ঐতিহ্যবাহী খাবার।
উৎসবের আমেজ ছাপিয়ে এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই দাতব্য সান্ধ্য-অনুষ্ঠান থেকে সংগৃহীত তহবিল 'আগামী'র মাধ্যমে বাংলাদেশে পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ব্যয় করা হবে। নতুন প্রজন্মের মনে পরোপকার ও শিকড়ের প্রতি দায়বদ্ধতা তৈরি করাই এ উদ্যোগের মূল সাফল্য।
প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণে সফল সমাপ্তি ঘটে 'কমিউনিটি ইন মোশন' আয়োজনের।