মিশিগানে দুর্গা টেম্পলের পিকনিক যেন এক মিলনমেলা

ডেস্ক রিপোর্ট
  ৩০ জুন ২০২৬, ১৩:৫০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) ওয়ারেন সিটির ভেটার্নস মেমোরিয়াল পার্কে বেলা ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে এই পিকনিকের আয়োজন করা হয়। দিনভর নানা পর্বে সাজানো এই আয়োজনে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।
প্রবাসের ব্যস্ত জীবনে এই বনভোজন যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। আবহাওয়া অনুকূলে থাকায় ডেট্রয়েট ও এর আশপাশের শহর থেকে প্রবাসীরা সপরিবার মেতে ওঠেন অনাবিল আনন্দে। প্রবাসীরা জানান, বছরের এই একটি দিন মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। অনেকের সঙ্গেই দীর্ঘদিন পর দেখা ও কথা হয়। দেশ থেকে নতুন কেউ এলে তার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ ঘটে এই আয়োজনে।
শুরুতেই ছিল শিশুদের খেলাধুলা, নারীদের ঐতিহ্যবাহী বালিশ খেলা এবং জমজমাট আড্ডা। এ ছাড়া প্রবাসীদের জন্য ছিল বারবিকিউর বিশেষ আয়োজন। চলমান বিশ্বকাপের আমেজও ছুঁয়ে গেছে প্রবাসীদের এই মিলনমেলাকে। অনেকেই প্রিয় দলের জার্সি পরে পিকনিকে এসেছিলেন এবং মেতে উঠেছিলেন প্রীতি ফুটবল ম্যাচে।
দুপুরে প্রবাসীদের পরিবেশন করা হয় বিভিন্ন পদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার। খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর আয়োজনের মূল আকর্ষণ ছিল চমৎকার সব উপহারে সাজানো রাফেল ড্র। রাফেল ড্রয়ের পুরস্কারের তালিকায় ছিল ৬৫ ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ, রেফ্রিজারেটর, অ্যাপল পড, সাউন্ড সিস্টেম, মাইক্রোওয়েভ ওভেন, প্রেশার কুকারসহ আকর্ষণীয় সব সামগ্রী।
দুর্গা মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান, এবার পিকনিকে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে সদ্য আসা অনেক অতিথি এই আয়োজনে অংশ নিয়েছেন। সফল একটি আয়োজন উপহার দেওয়ার জন্য তিনি অংশ নেওয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুরো অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বটি যৌথভাবে পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডিরেক্টর ও সাংবাদিক পার্থ সারথী দেব, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর এবং সহসভাপতি নিপেশ সূত্রধর।
বর্ণাঢ্য এই বনভোজনে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আসন্ন মিশিগান স্টেটের প্রাথমিক নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরাও পিকনিকে এসে উপস্থিত প্রবাসীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।