কুয়েত মসজিদের মুয়াজ্জিন প্রবাসী বাংলাদেশি জাফরের খেজুরগাছে সফলতার গল্প

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুন ২০২৬, ১২:৪৭

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত। চারদিকে ধুধু মরুভূমি। সে দেশে প্রায় তিন লাখের বেশি বাংলাদেশির বসবাস। বিশেষ করে দেশটির কৃষি খামার ও সবজি চাষে বাংলাদেশিদের রয়েছে ব্যাপক সফলতা।
কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দেশটির নির্মাণ, কৃষি এবং সবুজায়নে অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছেন। অনেক বাংলাদেশি কর্মী কুয়েতের বিভিন্ন এলাকার মসজিদ বা প্রতিষ্ঠানের বাইরে শাকসবজি, ফলমূল ও বিভিন্ন জাতের গাছ, বিশেষ করে খেজুরগাছের রোপণ ও পরিচর্যায় যুক্ত রয়েছেন। তেমনই একজন বাংলাদেশি জাফর আহমেদ। তিনি দীর্ঘ ১০ বছর ধরে কুয়েতের শুয়েখ সানাইয়া এলাকার ‘মসজিদ আল লতিফা’য় মুয়াজ্জিন হিসেবে কাজ করছেন।
দীর্ঘদিন কাজ করার সুবাদে মসজিদের পাশে তিনি বেশ কয়েকটি খেজুরগাছের চারা রোপণ করেন এবং নিয়মিত গাছগুলোর পরিচর্যা শুরু করেন। বর্তমানে তার লাগানো বেশ কয়েকটি খেজুরগাছে ভালো ফলন এসেছে।
সম্প্রতি সরেজমিনে মসজিদটি পরিদর্শনের সময় বাংলাদেশি জাফর আহমেদ এই প্রতিবেদককে তার খেজুরগাছের চারা রোপণ ও পরিচর্যার সফলতার গল্প শোনান। তার রোপণ করা খেজুরগাছের ফলন দেখতে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় আরব নাগরিকেরাও ভিড় করছেন। অনেকেই মসজিদের কাজের পাশাপাশি তার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেছেন।