
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৬ মার্চ) জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ল’ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক, ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ‘প্রবাস বন্ধু’ অ্যাটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি খায়রুল বাশার, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও অ্যাডভোকেট মোর্শেদা জামান। আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মহিউদ্দিন জুনেল, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ আকরাম খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম। বিশেষ দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট ও মাওলানা আশিক আহমেদ খান। নতুন প্রজন্মের হাফেজ আবদুল ওয়াহেদ মাহাদি কোরআন তেলাওয়াত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তিনি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের পুত্র।
বিশেষ দোয়ায় কমিউনিটির পরিচিত মুখ ও বাংলাদেশ ল’ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনির সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে অতীতের বিভেদ ভুলে সৌহার্দ্য–সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনকে আরও গণমুখী করা এবং ওয়েবসাইট হালনাগাদের মাধ্যমে আধুনিক সংগঠনে রূপান্তরের প্রস্তাবও উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী রমজানের গুরুত্ব তুলে ধরে সবার জন্য, বিশেষ করে মা–বাবার জন্য দোয়া করার এবং খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান।
ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের জন্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি শিগগিরই সাধারণ সভা আয়োজন, উপদেষ্টা কমিটি, ট্রাস্টি বোর্ড ও অডিট কমিটি গঠনের আশ্বাস দেন।