
ডাচ্-বাংলা ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ আব্দুল ওহাব জোয়ারদার মছুফ সুইজারল্যান্ডের ইউরোপিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার তিন বছর মেয়াদি এই ডিগ্রি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।
তার গবেষণার বিষয় ছিল ডক্টর অব এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং, যেখানে তিনি তরুণ ও বয়স্ক মানসিক রোগীদের কাউন্সেলিং গ্রহণে পদ্ধতিগত পার্থক্য নিয়ে কাজ করেন। যুক্তরাষ্ট্রের সামাজিক প্রতিষ্ঠান "হেল্প ইউএসএ" এর একটি হোমলেস শেল্টারে বসবাসরত প্রায় ৩০০ জনের উপর জরিপ চালিয়ে মিশ্র পদ্ধতিতে গবেষণা সম্পন্ন করেন তিনি। গবেষণায় তিনি দেখিয়েছেন—বয়সভিত্তিক আলাদা পদ্ধতিতে কাউন্সেলিং করলে ফলাফল আরও কার্যকর হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান ওহাব জোয়ারদার ছাত্রজীবনে এমসি কলেজ থেকে অনার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনে জনতা ব্যাংক দিয়ে শুরু করে এক্সিম ব্যাংক হয়ে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেন এবং ২০১৭ সালে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। ২০১৯ সালে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
রাজনীতিতেও সক্রিয় ওহাব জোয়ারদার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত, মেজ মেয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ছোট মেয়ে ম্যানহাটনের একটি স্বনামধন্য স্কুলে অধ্যয়নরত। স্ত্রী ফয়জিয়া জাহান দেশে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।