ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালত বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এসব নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালটির অর্থায়ন ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় থেকে সাত মাসের একটি সময়সীমার পর আইসিসির সঙ্গে অধিকাংশ লেনদেন নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় অথবা এর পরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। নিষেধাজ্ঞা কার্যকর হলে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুমতি ছাড়া আইসিসিকে অর্থ, পণ্য বা সেবা দেওয়া থেকে বিরত থাকতে হবে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে আইসিসির তথ্যপ্রযুক্তি ও বিমা সেবা কেনা, তদন্তকারী নিয়োগ এবং নিয়মিত বেতনসহ অন্যান্য অর্থ পরিশোধে সমস্যা হতে পারে বলে আদালটির প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার আগে সতর্ক করেছেন। মার্কিন আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরশীল ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার ক্ষেত্রে সাধারণত সতর্ক অবস্থান নেয়।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশের আওতায় এক ডজনের বেশি আইসিসি বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। গত আগস্টে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে ও জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়েকেও তালিকায় যুক্ত করা হয়। তাদের ওপর নিষেধাজ্ঞা ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারিজন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি জাতীয় কর্তৃপক্ষ কোনও মামলায় ব্যবস্থা নিতে না পারলে বা অনিচ্ছুক হলে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। যুক্তরাষ্ট্র অবশ্য আদালটির সদস্য নয়।
ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিসি তার এখতিয়ার অতিক্রম করে সদস্য নয়-এমন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র-আইসিসি সম্পর্ক আরও অবনতি হয়।
এদিকে, আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত নির্যাতনের অভিযোগে আইসিসির আগের তদন্ত নিয়েও আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালটিকে আরও বিচ্ছিন্ন করার উদ্যোগ ঘোষণা করে অন্য দেশগুলোকে আইসিসি থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা