
লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল ওই নৈশভোজের।
তদন্তকারীরা বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন টায়েলে, বয়স ৩৮ বছর। র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, জন টায়েলেকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে স্থানীয় সময় গত রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেরিফ বিভাগ জানায়, স্থানীয় সময় রোববার দুপুরের পর সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করে।
পুলিশ ওই ব্যক্তিকে আটকের পর জানতে পারে, এল সেগুন্ডো পুলিশ বিভাগ একটি ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে খুঁজছিল।
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে সবচেয়ে কঠোর আইনগুলোর মধ্যে কয়েকটি ক্যালিফোর্নিয়ায় জারি আছে। সেখানে ১০টির বেশি গুলি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ।
শেরিফ বিভাগ জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
তল্লাশির সময় জন টায়েলের বাড়ি থেকে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল গুলি এবং উদ্বেগজনক বক্তব্যসংবলিত একাধিক নোটবই উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, পরে জন টায়েলের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।