
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা ও ভাড়ার খরচ কমাতে এবং আবাসন সংকট মোকাবিলায় একটি বড় ধরনের একটি দ্বিদলীয় বিল সিনেটে পাস হয়েছে। আইনটি আবাসন সরবরাহ বাড়ানো এবং বাজারে বাড়ির দাম কমানোর লক্ষ্য নিয়ে আনা হয়েছে।
সোমবার সিনেটে বিলটি ৮৫–৫ ভোটে পাস হয়। যা রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের ব্যাপক সমর্থনের একটি বিরল উদাহরণ। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে।
‘২১শ শতাব্দীর রোড টু হাউজিং অ্যাক্ট’ নামের এই বিলটি দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নীতিগত উদ্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে নতুন বাড়ি নির্মাণ সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং কিছু একক পরিবারের বাড়ি কেনায় বড় কর্পোরেট বিনিয়োগকারীদের সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিলটি নিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট কমিটিগুলো দীর্ঘ আলোচনার পর একটি যৌথ সমঝোতায় পৌঁছায়, যার ভিত্তিতে চূড়ান্ত সংস্করণ তৈরি হয়।
সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট বলেন, বছরের পর বছর কাজের পর এই আইন আবাসন খরচ কমানো, সরবরাহ বাড়ানো এবং সাধারণ মানুষের বাড়ির মালিক হওয়ার সুযোগ সহজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অন্যদিকে সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট এলিজাবেথ ওয়ারেন বলেন, এই আইন আবাসন নির্মাণে বাধা কমাবে, সরবরাহ বাড়াবে এবং আবাসনকে শুধু বিনিয়োগের পণ্য না বানিয়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করবে।
হোয়াইট হাউসও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। বিশেষ করে একক পরিবারের বাড়ি কেনায় বড় কর্পোরেট বিনিয়োগকারীদের সীমিত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
বিলটিতে ৪৫টিরও বেশি ধারা রয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন নির্মাণে নিয়ন্ত্রণ শিথিল করা, পরিবেশগত অনুমোদন প্রক্রিয়া সহজ করা, উদ্ভাবনী আবাসন তহবিল গঠন এবং প্রবীণদের জন্য আবাসন সুবিধা বাড়ানো।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেন, এই আইন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে।
অন্যদিকে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, রাজনৈতিক বিভাজনের মধ্যেও এই ধরনের সমঝোতা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে আবাসন সংকট এখন একটি বড় জাতীয় সমস্যা।
বিলটি এখন প্রতিনিধি পরিষদে আলোচনার জন্য পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।