
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইসরায়েল দিবস প্যারেডে’ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়রদের কয়েক দশকের প্রচলিত রীতি ভেঙে তার এ সিদ্ধান্তের পর শহরের ইহুদি সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়ছে।
চলতি মাসের শুরুতে মেয়র মামদানি আনুষ্ঠানিকভাবে জানান, তিনি ৩১ মে অনুষ্ঠাতব্য এবারের প্যারেডে অংশ নেবেন না। খবর ফক্স নিউজের।
ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বসবাস করে নিউইয়র্ক। দীর্ঘদিন ধরে বার্ষিক এই প্যারেডকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির অন্যতম বড় প্রতীক হিসেবে দেখা হয়।
নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনে ইহুদি বিদ্বেষ বিরোধী দপ্তরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস বলেন, ‘১৯৬৪ সালে প্রথম ইসরায়েল প্যারেড আয়োজনের পর থেকে নিউইয়র্কের প্রতিটি দায়িত্বে থাকা মেয়র এতে অংশ নিয়েছেন’। তার ভাষায়, এই প্যারেডে না যাওয়া নিউইয়র্ক শহরের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অবমাননা।
তবে প্যারেড আয়োজকদের দাবি, মেয়রের অনুপস্থিতির ঘোষণার পর এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক নীতির কারণে তিনি হয়তো এই প্যারেডে যোগ দেবেন না। সাম্প্রতিক ঘোষণার পর বিষয়টি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।