হোয়াইট হাউসে ব্রিটিশ রাজা-রানির রাজকীয় নৈশভোজ 

ডেস্ক রিপোর্ট
  ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০৩

গোলাপি রঙের আবহে সাজানো ছিল সন্ধ্যাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে স্বাগত জানান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে। প্রবেশপথটি চেরি ফুল দিয়ে সাজানো ছিল, যা পুরো অনুষ্ঠানকে দিয়েছিল এক রাজকীয় পরিবেশ।
শ্যাম্পেনের গ্লাসে টোস্ট তোলেন ট্রাম্প ও রাজা চার্লস, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গভীর সম্পর্ক ও যৌথ ইতিহাস উদযাপন করেন। এই রাষ্ট্রীয় নৈশভোজটি দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে সম্মান জানিয়ে আয়োজন করা হয়, যখন যুক্তরাষ্ট্র উদযাপন করছে স্বাধীনতার ২৫০ বছর।
নিজের বক্তব্যে ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ককে ‘পৃথিবীর অন্য যেকোনো সম্পর্কের চেয়ে আলাদা বন্ধুত্ব’ হিসেবে বর্ণনা করেন। নৈশভোজ শুরু হয় ট্রাম্পের বক্তব্য দিয়ে, যেখানে তিনি যুক্তরাজ্যকে ‘একটি মহান উত্তরাধিকার’ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্রিটেনের অনেক সাবেক উপনিবেশই আসলে বুঝতে পারে না তারা কত কিছু পেয়েছে। এরপর তিনি ২৫০ বছরের আমেরিকান স্বাধীনতা এবং রাজা চার্লসের সম্মানে টোস্ট তুলে তাকে ‘একজন মহান মানুষ’ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, দুই দেশ একসঙ্গে ‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়েছে এবং জয়ী হয়েছে।’
রাজা চার্লস প্রেসিডেন্টকে উপহার দেন এইচএমএস ট্রাম্প নামের একটি রয়্যাল নেভি সাবমেরিনের টাওয়ারের একটি ঘণ্টা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিক যুদ্ধে অংশ নিয়েছিল। নিজের বক্তব্যে তিনি এটিকে ‘আমাদের যৌথ ইতিহাস ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং রসিকতা করে বলেন, ‘যদি কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান… শুধু একটা ঘণ্টা বাজালেই হবে।’
তিনি বক্তৃতার শেষে ট্রাম্পকে ‘চমৎকার নৈশভোজের’ জন্য ধন্যবাদ জানান এবং মজা করে বলেন, এটি ‘বস্টন টি পার্টির চেয়ে অনেক উন্নত।’ নৈশভোজের আয়োজনের নেতৃত্ব দেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খাবারের তালিকায় ছিল গার্ডেন হার্ব ভেলুটে স্যুপ, হার্টস অব পাম সালাদ, হোয়াইট হাউসের বাগানের হার্ব দিয়ে তৈরি রাভিওলি। প্রধান খাবার হিসেবে পরিবেশন করা হয় ক্লাসিক ডোভার সোল মিউনিয়ের। ডেজার্টে ছিল মৌচাকের আকৃতির চকলেট গাটো ও ভ্যানিলা কাস্টার্ড।
সাজসজ্জায় ইংরেজি বাগানের অনুপ্রেরণা ছিল স্পষ্ট। ঘরে ছিল উঁচু গাছ, লাইলাক ফুল, সবুজ টেবিলক্লথ এবং বসন্তের ফুলের তোড়া। টেবিল সাজাতে হোয়াইট হাউসের সংগ্রহ থেকে ২৫০টিরও বেশি ভেরমেইল সামগ্রী ব্যবহার করা হয়, সঙ্গে ছিল হাতে আঁকা মেনু।
এই অনুষ্ঠানে রাজা ও রানির পাশাপাশি শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিল প্রেসিডেন্টের মন্ত্রিসভার সদস্য, রিপাবলিকান আইনপ্রণেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, টেলিভিশন উপস্থাপক, প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব ও ধনকুবের ব্যবসায়ীরা।
উপস্থিত ছিলেন জেফ বেজোস, তার স্ত্রী লরেন সানচেজসহ টিম কুক। এ ছাড়া গলফার ররি ম্যাকলরয়, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন এবং ব্যবসায়ী রবার্ট ক্র্যাফটও ছিলেন অতিথি তালিকায়।
পোশাকের ক্ষেত্রে ছিল সবচেয়ে আনুষ্ঠানিক ‘হোয়াইট টাই’ ড্রেস কোড। মেলানিয়া ট্রাম্প পরেছিলেন ক্রিশ্চিয়ান ডিওরের তৈরি হালকা গোলাপি সিল্ক গাউন। রানি ক্যামিলা পরেছিলেন গাঢ় গোলাপি রঙের ফিওনা ক্লেয়ারের গাউন, সঙ্গে ঐতিহাসিক অ্যামেথিস্ট ও হীরার নেকলেস।
রাজা চার্লস ও ট্রাম্প দুজনেই কালো টেইলকোট ও সাদা শার্ট পরেছিলেন, যেখানে রাজা তার সঙ্গে নীল স্যাশ ও পদক যুক্ত করেন। সূত্র: বিবিসি