
নিউজার্সির ন্যুয়ার্ক শহরে অবস্থিত ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্রের সামনে ৩০ মে রোববার রাতে উত্তেজনা চরমে পৌঁছায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের পর মেয়র রাস বারাকা একটি কারফিউ জারি করেন। কারফিউ অনুযায়ী, রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয় এবং এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানান, রাত ৮টা ১৫ মিনিটের পর থেকে বিক্ষোভকারীদের বারবার এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে সেই নির্দেশ মেনে চলে গেলেও একদল বিক্ষোভকারী — যারা হেলমেট, ঢাল ও গ্যাস মাস্ক নিয়ে সজ্জিত ছিলেন — ইচ্ছাকৃতভাবে পুলিশের আদেশ অমান্য করেন। তাদের গ্রেফতার করা হয়।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ব্যারিকেড টেনে ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ দাঙ্গা ঢাল দিয়ে তাদের পিছু হটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘোড়সওয়ার পুলিশ জনতার ভিড় ছত্রভঙ্গ করতে এগিয়ে আসছে।
এই বিক্ষোভ শুরু হয়েছিল এই মাসের শুরুতে, যখন মানবাধিকার সংগঠনগুলো জানায় যে ১,০০০ বেডের এই আটক কেন্দ্রের বন্দিরা দুর্বল জীবনযাত্রার প্রতিবাদে অনশন ধর্মঘট শুরু করেছেন। এটি ফেডারেল সরকারের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নিউজার্সির গভর্নর মিকি শেরিল রবিবার সকালে এক বিবৃতিতে জানান, মুখোশ পরা একদল ব্যক্তি রাজ্য পুলিশের নির্ধারিত বিক্ষোভ এলাকার ব্যারিকেড ভেঙে ফেলে, ব্যারিকেডকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। তিনি শান্তিপূর্ণভাবে বন্দিদের মুক্তি ও কেন্দ্রটি বন্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইতিমধ্যে, গভর্নর শেরিল জানিয়েছেন যে রবিবার থেকে ডেলানি হলে পরিবারের সাথে সাক্ষাতের সুযোগ পুনরায় চালু করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (DHS) এক বিবৃতিতে স্পষ্ট করে বলে, "সাক্ষাৎ কেবল সহিংস দাঙ্গার কারণে বন্ধ করা হয়েছিল। এখন নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ায় তা পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।"
উল্লেখ্য, গত শুক্রবার নিউজার্সি রাজ্য পুলিশ সেখানে মোতায়েন থাকা ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের স্থলাভিষিক্ত হয়, যারা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের মুখোমুখি হচ্ছিলেন।