
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) কার্যত বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ওই আদেশের পাশাপাশি চাকরিচ্যুত সাংবাদিকদেরও স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যামবারথ এই রায় দেন। আদেশে আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক এই সম্প্রচারমাধ্যমটি পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এক নির্বাহী আদেশে এই সম্প্রচারমাধ্যমটি বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভিওএ বামঘেঁষা এবং সংবাদ প্রচারে পক্ষপাতদুষ্ট।
শুধু ভয়েস অব আমেরিকাই নয়, ডোনাল্ড ট্রাম্প একইসঙ্গে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো সম্প্রচার সংস্থাগুলোকেও ‘আইনের সীমার ভেতরে থেকে যতটা সম্ভব বাতিল’ করার নির্দেশ দিয়েছিলেন।