
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোয় তেহরান প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালাতে পারে বলে গত মাসেই স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিল মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও তেলআবিবকে লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইরান। ওই যুদ্ধ শুরুর ১২ দিনের মাথায় এফবিআইয়ের তথ্য সামনে আসলো।
যুদ্ধের দ্বিতীয় দিনে কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হয়।
এফবিআইয়ের শঙ্কার কথা প্রথম প্রকাশ করে এবিসি নিউজ। তবে এর আগেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের কোনো ধরনের হামলার কথা গুরুত্বহীন বলে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, তিনি রাজ্যের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক হুমকি সম্পর্কে অবগত নন।
রয়টার্সের হাতে আসা এফবিআইয়ের নথিতে কোনো তারিখ ছিল না। তবে ভাষা থেকে বোঝা যায়, যুদ্ধ শুরুর আগেই এটি জারি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তখনই বিবেচনায় নেয়া হচ্ছিল।
নথিতে বলা হয়, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এফবিআইয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে প্রতিশোধ হিসেবে সমুদ্রের কোনো জাহাজ থেকে মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর পরিকল্পনা করার ইচ্ছা ইরানের ছিল বলে অভিযোগ রয়েছে।
তবে সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা কারা এতে জড়িত থাকতে পারে- এসব বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য নেই বলেও নথিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এফবিআই। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর বলছে তাৎক্ষণিক কোনো হুমকির তথ্য তার কাছে নেই।