রয়টার্সের জরিপে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অস্থির হয়ে উঠেছেন বলে মনে করেন মার্কিনিরা। প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ছয়জনই এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন। ঐকমত্য হওয়াদের মধ্যে অনেকেই রিপাবলিকান। রয়টার্সের এক জরিপে এ তথ্যই উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ছয় দিনের এ জরিপ গত সোমবার শেষ হয়। আর মঙ্গলবার ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেবেন।
জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ বলেছে, ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছেন। এর মধ্যে প্রায় ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান এবং ৬৪ শতাংশ স্বাধীন মতাধিকারী।
১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো এ জরিপে চার হাজার ৬৩৮ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি অংশ নেন।
ট্রাম্প মানসিকভাবে তীক্ষ্ম এবং চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখেন এমন প্রশ্নে সায় দিয়েছে জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি। এ প্রশ্নে উত্তর দেয়নি ছয় শতাংশ। আর ভিন্নমত পোষণ করেছে ৪৯ শতাংশ।
জরিপের ফলাফলকে মিথ্যা ও হতাশাজনক আখ্যা দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল। তিনি বলেন, “ট্রাম্পের তীক্ষ্ণতা, অতুলনীয় শক্তি এবং জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট জো বাইডেন থেকে আলাদা করে।”
রয়টার্স বলছে, ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা সাম্প্রতিক মাসগুলোতে খুব বেশি পরিবর্তন হয়নি। সর্বশেষ জরিপে প্রায় ৪০ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মক্ষমতাকে অনুমোদন করেছেন, যা এ মাসের শুরুর তুলনায় দুই শতাংশ বেশি। যদিও তিনি তার মেয়াদ শুরু করেছিলেন তুলনামূলকভাবে বেশি রেটিং নিয়ে।