
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও কানাডার মধ্যে সংযোগকারী নবনির্মিত ‘গর্ডি হাও’ আন্তর্জাতিক সেতুর উদ্বোধন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন বলে স্থানীয় গণমাধ্যম ক্লিক অন ডেট্রয়েটের বরাতে জানা গেছে। তিনি কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘অন্যায্য’ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সেতুটি চালু হতে দেওয়া হবে না।
ট্রাম্প বলেন, “কানাডাকে আমরা যা কিছু দিয়েছি, তার পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই সেতুর উদ্বোধন বন্ধ থাকবে। আমরা অবিলম্বে আলোচনা শুরু করব। এই সম্পদের অন্তত অর্ধেকের মালিকানা আমাদের থাকা উচিত।”
‘গর্ডি হাও’ আন্তর্জাতিক সেতুটি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ও কানাডার যৌথ মালিকানাধীন। তবে এর নির্মাণ ব্যয়ের প্রায় পুরোটা বহন করছে কানাডা। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। কানাডা টোল আদায়ের মাধ্যমে এই অর্থ পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছে।
২০১৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এখনো আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা না হলেও চলতি বছর এটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি চালু হলে মিশিগানের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে। এটি চালু হলে ডেট্রয়েট ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে তৃতীয় সীমান্ত ক্রসিং হিসেবে যুক্ত হবে।