আবারও হুমকি ডোনাল্ড ট্রাম্পের

গ্রিনল্যান্ড নিয়ে 'আর পিছু হটার সুযোগ নেই' 

ডেস্ক রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি আরো জোরদার করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোাস্টে তিনি বলেছেন, 'আর পিছু হটার সুযোগ নেই' এবং 'গ্রিনল্যান্ড অপরিহার্য।"
এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো, গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক?
তিনি উত্তরে বলেছিলেন, "আপনারা তা দেখতে পাবেন।"
এদিকে, সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, "নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।''
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, "পুরোনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসছে না।"
বুধবার ট্রাম্পের দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে "গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সূচি রয়েছে।''


দীর্ঘসময় ধরে চলা এই প্রেস ব্রিফিং এ রিপোর্টারদের কাছে আশাপ্রকাশ করে ট্রাম্প আরো বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে "সবকিছু বেশ ভালোভাবেই মীমাংসা হয়ে যাবে।"
গ্রিনল্যান্ডের জন্য নেটো জোট ভেঙে যাওয়ার মতো মূল্য দিতে তিনি প্রস্তুত কিনা বিবিসির এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "নেটোর জন্য আমার মতো এতো কিছু আর কেউ করেনি, সব দিক থেকেই।"
তিনি বলেন, "নেটো খুশি থাকলে, আমরাও খুশি থাকবো," উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, " বৈশ্বিক নিরাপত্তার জন্যই এটা আমাদের প্রয়োজন।"
তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন যে, প্রয়োজন হলে নেটো আদৌ যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসবে কিনা।
সাংবাদিকদের তিনি বলেন, "আমি জানি আমরা (নেটোর) সহায়তায় এগিয়ে যাবো, কিন্তু তারা আমাদের সহায়তায় এগিয়ে আসবে কি না এটা নিয়ে সত্যিই আমার সন্দেহ আছে।"