
মিনেসোটা স্টেইটের ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রতিনিধি ও অ্যামেরিকান-সোমালিয়ান অভিবাসী ইলহান ওমারকে সোমালিয়া ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে রোববার বলেন,’ওই কংগ্রেস নারীকে কারাগারে পাঠানো উচিত অথবা এর চেয়েও বড় শাস্তি হিসেবে সোমালিয়া ফেরত পাঠানো উচিত।
‘তিনি সোমালিয়াকে আবার মহান দেশ হিসেবে গড়ে তুলতে পারবেন।’
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আফ্রিকার পূর্ব উপকূলের দেশ সোমালিয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ।
এবিসি নিউজ জানায়,বিতাড়নের হুমকি দেওয়ার আগে একই দিনে মিনিয়াপোলিসে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থনের জন্য ওমার ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
ট্রাম্পের অভিযোগ, ওমার ও ওয়ালেজ মিনেসোটায় অসৎ কার্যকলাপ চালায়। তাদের কাজ থেকে মনোযোগ সরাতে আইসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
২০১৯ সালে নির্বাচিত কংগ্রেস সদস্য ওমার প্রথম অ্যামেরিকান-সোমালিয়ান আইনপ্রণেতা। কংগ্রেসের প্রথম শরণার্থী ও মুসলিম নারী প্রতিনিধিদের মধ্যে তিনি একজন।
সোমালিয়ান ও মুসলিম পরিচয়ের কারণে বিভিন্ন সময় এ নারী নেত্রীকে পড়তে হয়েছে ট্রাম্পের তোপের মুখে।
গত মাসে ওমারকে আবর্জনা বলে মন্তব্য করেন ট্রাম্প।
বিগত কয়েক মাসে মিনেসোটা থেকে ওমারসহ সব সোমালিয়ান অভিবাসীকে বারবার ফেরত পাঠানোর কথা বলেছেন ট্রাম্প।