চোট নিয়ে ব্যাটিংয়ে না নামায় ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫


লর্ডস টেস্টের একাদশে ছিলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক। তবে ব্যাটিংয়ে নামেননি। কারণ, বাঁ পায়ের পেশিতে চোট।
পাকিস্তানের দুই ইনিংসেই ব্যাটিংয়ে না নামা ইমামের এই চোট নিয়ে শুরু থেকেই ছিল প্রশ্ন। অনেকেই তাঁর চোটকে লোকদেখানো বলেও মন্তব্য করেছেন। এবার সেই প্রশ্ন তুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। ইমামের চোট নিয়ে সন্দেহ প্রকাশের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সাবেক এ পেসার।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও’কে দেওয়া সাক্ষাৎকারে আকিব বলেন, ইমামের ঘটনায় তিনি ‘গভীরভাবে হতাশ’। চোটের কারণে ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্তের জন্য ইমামকে তদন্তের মুখোমুখি হতে হবে বলেও জানান আকিব।
আকিবের ভাষায়, ‘ইমামের চোট নিয়ে বড় প্রশ্ন রয়েছে এবং আমি গভীরভাবে হতাশ। অতীতে খেলোয়াড়রা চোট পেয়েও প্লাস্টার করে মাঠে নামার চেষ্টা করেছে। আমরা এ ঘটনায় ব্যবস্থা নেব। পেশিতে টান লাগার কারণে কীভাবে দুই ইনিংসেই ব্যাট করা থেকে পুরোপুরি ছিটকে যাওয়া সম্ভব? তার চেষ্টা করা উচিত ছিল, লড়াই করা উচিত ছিল। তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। সে চোটের ভান করেছে কি না, তা আমি নিশ্চিত নই। তবে এ ধরনের পেশির টান আপনাকে পুরোপুরি ব্যাট করা থেকে আটকে রাখতে পারে না।’
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বড় হারের পর দেশে ফেরত পাঠানো সাত ক্রিকেটারের একজন ইমাম। তাঁর চোটের কথা জানা যায়, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর কয়েক মিনিট আগে।
সেদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ইমামের বাঁ পায়ের পেশিতে চোট রয়েছে। টেস্টের বাকি সময়ে তিনি খেলবেন কি না, তা চিকিৎসকদের মতামতের ওপর নির্ভর করবে বলেও জানানো হয়।
পরের দুই দিন ইমাম মাঠে নামেননি। তবে চতুর্থ দিনের সকালে দলের অন্যদের সঙ্গে অনুশীলনে দেখা যায় তাঁকে।