ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ জর্ডানের

স্পোর্টস ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ২৩:৩৪

জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-এর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ তুলেছেন। তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স আলি বলেন, জর্ডান সবসময় নৈতিক অবস্থানকে অগ্রাধিকার দেয়। এ কারণেই অতীতে তারা ইনফান্তিনোকে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার ভাষ্য, এমন প্রস্তাব ‘ব্ল্যাকমেইল’-এর সমতুল্য এবং জর্ডান এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
প্রিন্স আলি আরও অভিযোগ করেন, বিশ্বকাপে অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্রের ভিসা–সংক্রান্ত জটিলতায় পড়া জর্ডানের সমর্থকদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়নি ফিফা। পাশাপাশি বিশ্বকাপ আয়োজন ঘিরে অতিরিক্ত ব্যয় এবং ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরও প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তার দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য করের বোঝা বহন করতে হয়েছে। অথচ কানাডা বা মেক্সিকোতে অবস্থানকারী দলগুলোর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।   
এছাড়া কাতারে অনুষ্ঠিত ২০২৫ সালের আরব কাপে ফাইনালে উঠলেও এখনও প্রতিশ্রুত অর্থ বুঝে পায়নি জর্ডান। এ প্রসঙ্গে প্রিন্স আলি বলেন, ফিফা নিয়মিতভাবে নিজেদের আর্থিক সক্ষমতার কথা প্রচার করলেও অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্য অর্থ সময়মতো পরিশোধে ব্যর্থ হচ্ছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বিতর্কের রেশ কাটার আগেই ইনফান্তিনোর বিরুদ্ধে এই নতুন অভিযোগ বিশ্ব ফুটবলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।