ঐতিহাসিক সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
  ১২ জুন ২০২৬, ০০:২৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। গত পরশু প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের দল।
এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে প্রথম ওয়ানডেতে হারায় বাংলাদেশ। ২১ বছর পর চলতি সিরিজে দীর্ঘদিনের সেই খরা কাটানোর পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাকী রইল বাংলাদেশের।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২১ সালের আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 
আজ বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। তিনি ৮৫ বলে তিন বাউন্ডারিতে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৪৮ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন জেভিয়ার বার্টলেট।
বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ২ উইকেট নেন তানভির ইসলাম।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দলের জয়ে ৪২ রান করে করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ৪০ ও ২২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।