ট্রায়ালে অংশ নিতে আমেরিকা থেকে ঢাকায় জিনাত

স্পোর্টস ডেস্ক
  ১০ জুন ২০২৬, ২২:০৭

হাজার মাইল দূরের জীবন, ভিন্ন এক দেশ, ভিন্ন এক বাস্তবতা। তবু হৃদয়ের গভীরে লাল-সবুজের টান অটুট। সেই টানেই আবারও বাংলাদেশে ফিরেছেন দেশের অন্যতম নারী বক্সার জিনাত ফেরদৌস। আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে লড়ার লক্ষ্য নিয়ে সোমবার ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ক্রীড়াবিদ।
আগামীকাল বুধবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস বাছাই ট্রায়াল। সেই ট্রায়ালে অংশ নিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান জিনাত। সবকিছু ঠিক থাকলে রোববার আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
ঢাকায় এসে মঙ্গলবার বিকেলে নিজের কোচকে সঙ্গে নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যান জিনাত। বিওএর মহাসচিব সৈয়দ জোবায়েদুর রহমানের সঙ্গে আলোচনা করেন তিনি।
বাংলাদেশের হয়ে আবারও আন্তর্জাতিক মঞ্চে লড়ার আগ্রহের কথা জানিয়ে জিনাত বলেন,‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আমি সবসময় গর্ববোধ করি। সেই ভালোবাসা থেকেই ট্রায়ালে অংশ নিতে এসেছি। আশা করছি, ভালো পারফরম্যান্স করে এশিয়ান গেমসের দলে জায়গা করে নিতে পারব।’
বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস জানিয়েছেন, ট্রায়ালের মাধ্যমেই চূড়ান্ত দল নির্বাচন করা হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিনাত ফেরদৌসের পথচলা শুরু হয় জিমন্যাস্টিকস ফেডারেশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনের মাধ্যমে। জিনাতের পরিবারের সাথে মামুনের পরিচয়ের মাধ্যমেই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয় তার।
২০২৩ সালে চীনের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের হয়ে অংশ নেন জিনাত। আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় অংশ নিলেও এখনো বড় কোনো গেমসে পদক জিততে পারেননি। তবে জাতীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতে নিজের সামর্থ্য দেখিয়েছেন ।
জিনাতের লক্ষ্য বাংলাদেশের পতাকা বুকে নিয়ে আবারও এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে লড়াই করা। সেই স্বপ্নের প্রথম ধাপ আগামীকালকের ট্রায়াল। আর সেই রিংয়েই নির্ধারিত হবে জিনাত ফেরদৌসের নাগোয়া এশিয়ান গেমসে অংশ নেওয়া।