আহত পাকিস্তানি ফিল্ডারকে নেওয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
  ১৩ মার্চ ২০২৬, ২৩:২৭

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন দাসের একটি শট আটকাতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার হুসাইন তালাত। মাঠেই তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আঘাতের অবস্থা ভালোভাবে পরীক্ষা করার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে। পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে বল করলে লিটন দাস সেটি দারুণভাবে অফ সাইডে পাঞ্চ করেন।
বলটি চার হওয়া ঠেকাতে কাভার থেকে দ্রুত দৌড়ে যান ফিল্ডার হুসাইন তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ফ্লিক করে ভেতরে ফেরানোর চেষ্টা করেন তিনি, তবে শেষ পর্যন্ত বলটি চার হয়ে যায়। বল ফিরিয়ে দেওয়ার পর নিজেকে সামলাতে না পেরে তিনি গুরুতরভাবে কাঁধে আঘাত পান।
বাউন্ডারি লাইনের পাশে গ্যালারির দেয়ালে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। এতে তার মাথা ও ঘাড়েও আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম ছুটে আসেন। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি নিজে থেকে উঠতে পারছিলেন না।
পরে তাকে স্ট্রেচারে করে মাঠের মূল গেটে আনা হয় এবং অ্যাম্বুলেন্সে তোলা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, তার চোট গুরুতর এবং কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে গেছে।